রাজধানীর আজিমপুর সরকারি ডে কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাস বয়সী এক মেয়ে শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, হত্যা করা হয়েছে শিশুটিকে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা ইসমত আরা বলেন, তাদের বাসা লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে। সে পরিবার পরিকল্পনার সিনিয়র স্টাফ নার্স। তার এক ছেলে এক মেয়ে। গত এক বছর ধরে বড় ছেলে আল আরাভী ও ২ মাস যাবত মেয়ে আলিফাকে আজিমপুর ডে-কেয়ার সেন্টারে রেখে কাজে যান তিনি। বুধবার দুপুরে মিম নামে সেখানকার এক শিক্ষিকা ফোন দিয়ে তাকে বলেন, ছোট মেয়ে অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।
মা ইসমত আরা অভিযোগ করে বলেন, তার মেয়ের মাথায় ও দুই চোখের উপরে আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।
এদিকে শিশুটির বাবা আল-আমিন তালুকদার বলেন, বড় ছেলে আরাভীকে আনতে আজিমপুরের ডে-কেয়ার সেন্টারে যাই। সেখানে যাওয়ার পর সেখানকার কর্মকর্তারা জানান, বাথরুমের বালতির পানিতে পরে গিয়েছিল তাদের মেয়ে। আমার মেয়ের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হেলাল উদ্দিন জানান, আজিমপুর মধ্যবিত্ত নামে ওই ডে-কেয়ার সেন্টারে শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার বাথরুমের বালতির পানিতে পড়ে গিয়েছিলো বলে দাবি করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে যতটুক বোঝা যাচ্ছে অবহেলার কারণে শিশুর মৃত্যু হতে পারে।
