রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার ‘চুরি’র সময় বিদ্যুৎস্পৃষ্টে জহিরুল ইসলাম আকাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে মধ্য বাড্ডা বৈশাখী সরণির জামান সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মৃত জহিরুল ইসলাম আকাশ (২২) ঢাকার উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকার বাসিন্দা ও কিশোরগঞ্জের কটিয়াদি থানার নাগেরগাঁও গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ভোরে পাশের ওবায়দুল ইসলাম নামে এক বাড়িওয়ালার বাড়ির বিদ্যুৎ চলে গেলে তিনি রাস্তায় বের হয়ে দেখেন, খুঁটির নিচে ওই যুবক মৃত অবস্থায় পড়ে আছে। তার পাশে তার কাটার যন্ত্র ও খুঁটির উপরে দেখতে পান উনার বাড়ির বৈদ্যুতিক তারটি কাটা অবস্থা পড়ে আছে। পরে থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
