করোনার ওমিক্রন ধরনের জেএন.১ উপধরন বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অনেক দেশে করোনার এ ধরনটি পাওয়া গেছে। দ্রুত ছড়ানোর কারণে ডব্লিউএইচও এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে ।
সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, শীতকালে কভিড এবং অন্য সংক্রমণগুলোর প্রকোপ বাড়তে পারে। উত্তর গোলার্ধে ইতিমধ্যে আরএসভির মতো বিভিন্ন শ্বাসতন্ত্রের ভাইরাস এবং শিশুদের নিউমোনিয়ার হার বাড়তে দেখা গেছে। কভিডের জন্য দায়ী ভাইরাসটি শুরু থেকে ধারাবাহিকভাবে রূপ পাল্টেছে। এর কয়েকটি ধরনও তৈরি হয়েছে। মাঝে কিছুদিন বিশ্বজুড়ে ওমিক্রন ধরনের ব্যাপক সংক্রমণ দেখা গিয়েছিল।
তবে ডব্লিউএইচও বলেছে, বর্তমানে করোনার এই উপধরনটির মৃত্যুঝুঁকি কম এবং বিদ্যমান টিকাগুলোই এ ধরন থেকে মানুষকে সুরক্ষা দিতে সক্ষম।
এদিকে, ভারতে দ্রুত সংক্রামক জেএন.১ ধরনে আক্রান্ত হয়েছেন অন্তত ২১ জন। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।ডিসেম্বরের শুরুতে কভিড-১৯-এর নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয় চীনে, যার নাম জেএন-১। ইতিমধ্যে দেশটির অন্তত সাত জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই ধরনটি শনাক্ত হয়েছে। এতে করে ফের দেখা দিচ্ছে আতঙ্ক।
