পাকিস্তানে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইমরানের বোন আলিমা খান।
তিনি আরও বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। ইমরান খান চাইলেও না।
এ সময় ইমরানের স্ত্রী বুশরা বিবির অন্য কোনো বোন নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে আলিমা বলেন, আমরা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমরা শুধু পিটিআই প্রতিষ্ঠাতার মামলার জন্য এখানে আসি। ইমরানের সঙ্গে জুলফিকার আলী ভুট্টোর মতো আচরণ করা যাবে না। এখনকার মতো তরুণ প্রজন্ম তখন ছিল না।
আলিমা অভিযোগ করেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ দুই আম্পায়ার নিয়োগ দিয়েছেন। তারা খেলোয়াড়দের মাঠে ঢুকতে দিচ্ছেন না। এর প্রমাণ এখন স্পষ্ট। মানুষ যখন মনোনয়নপত্র জমা দিতে যায়, তখন তারা বঞ্চিত হয়।
এর আগে আলিমা দাবি করেন ইমরান খানের বিরুদ্ধে চলমান সাইফার মামলা একটি রাষ্ট্রীয় কৌতুক। দ্রুত বিচার করে ইমরানকে ৩০ ডিসেম্বরের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কা করেছিলেন।
