বাংলাদেশের আদর্শকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: কাদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে নির্বাচনকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের লাখো শহীদের রক্তে ভেজা সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের আদর্শকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।   

দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট)-এ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের রূপালি চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

ভোটের মাঠে নেমেই দলীয় প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারও জন্য তদবির করবো না। নির্বাচনে যারা বাধা দেবে তারা আইনি ব্যবস্থার মুখোমুখি হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে নেই বলে এখানে খেলোয়াড় নেই, ১৮৯৬ জন খেলোয়াড় আছে। ফাইনাল খেলা হবে আগামি ৭ জানুয়ারি। বিএনপি পল্টন থেকে দৌড়াতে, দৌড়াতে পালিয়ে গেছে। অবরোধে কাজ হয়নি, অবরোধ ভুয়া। অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে।  

তারেক জিয়াকে ইঙ্গিত করে বলেন, এখন লন্ডন থেকে হাওয়া ভবনের চোরা। হাওয়া ভবনের ওই অর্থ পাচারকারী, চোরা, সেও বলে ট্রাক্স দেবে না। সাহস থাকেতো আসো বাংলার রাজপথে মোকাবেলা করো। টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা। বিএনপিতে দন্ড ছাড়া কি কোনো ভালো মানুষ নেই। খালেদা জিয়া দন্ডিত, তার পরিবর্তে তারেক রহমান দন্ডিত। দন্ডিত ব্যক্তি মানে দুর্নীতিগ্রস্থ। এ নেতার পেছনে কারা থাকবে।

বিএনপির অসহযোগ, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দেবে না, ট্যাক্সস দেবে না। তাদের কথা শুনে ঘোড়াও হাঁসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দেবেনা।  

বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত