কুয়েতে সাজাপ্রাপ্ত পাপুলের স্ত্রী সেলিনা পেলেন ঈগল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ এএম

উচ্চ আদালতে আপিল করে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনে প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে প্রতীক বরাদ্দ দেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সেলিনা ইসলাম লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী। অর্থ ও মানব পাচার মামলায় সাজাপ্রাপ্ত পাপুল কুয়েতের কারাগারে বন্দি।

জানা গেছে, দুর্নীতির একটি মামলার তথ্য গোপন করার কারণ দেখিয়ে ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা সেলিনার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। সবশেষ গত রবিবার হাইকোর্টের দ্বারস্থ হন সেলিনা। আপিল শুনানি শেষে বিচারপতি ইকবাল মাহমুদ ও মো. সাইফুল ইসলামের বেঞ্চ তার প্রার্থিতা ফিরিয়ে দেয়।

প্রতীক পেয়ে সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কিছু জটিলতা কাটিয়ে আমি উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়েছি। জনগণের প্রতীক হিসেবে আমার পছন্দ ছিল ঈগল। রিটার্নিং কর্মকর্তা আমাকে ঈগল প্রতীকই বরাদ্দ দিয়েছেন। এই মার্কা নিয়ে আমি লক্ষ্মীপুর-২ আসনের প্রত্যেক ভোটারের কাছে যাব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমরা সবাই জনগণের জন্য কাজ করছি এবং করব। এখানে কেউ কাউকে হুমকি ভাবার কিছু নেই।’

জয়ের বিষয়ে শতভাগ আশা ব্যক্ত করে সেলিনা বলেন, ‘বিগত দিনে এ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আশা করছি, তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত