লোহিত সাগরে হুথিদের হামলার নেপথ্যে ইরান

  • ইরানী ও হুথি ক্ষেপণাস্ত্রের মধ্যে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য পাওয়ার দাবি জানিয়েছে হোয়াইট হাউস
  • লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের হামলায় ইরান "গভীরভাবে জড়িত" বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তেহরান ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও কৌশলগত বুদ্ধিমত্তা দিচ্ছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

গতকাল শুক্রবার এক গোয়েন্দা প্রতিবেদনে লোহিত সাগরে জাহাজ হামলায় ইরানের সম্পৃক্ততার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে জাহাজে হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, "আমরা জানি, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত। বিষয়টি এই অঞ্চলে হুথিদের অস্থিতিশীল কর্মকাণ্ডে ইরানের দীর্ঘমেয়াদি সহায়তা ও মদদ দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।"

বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ’ বলে জানান তিনি, এছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে পদক্ষেপের আহ্বান জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এই মুখপাত্র।

হোয়াইট হাউস জানিয়েছে যে, ভিজ্যুয়াল বিশ্লেষণে ইরানের কেএস-০৪ ড্রোন এবং হুথিদের ব্যবহৃত ড্রোনের মধ্যে মিল পাওয়ার পাশাপাশি ইরানী এবং হুথি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য দেখা গেছে।

তবে হোয়াইট হাউসের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইরান অস্বীকার করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে লোহিত সাগর ও আশপাশের নৌ-সীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই কারণে অনেক জাহাজই পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

এদিকে গত সপ্তাহে লোহিত সাগরে হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতে সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০টি দেশের একটি ‘নৌজোট’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ জোটভুক্ত কিছু দেশ বলেছে, জাহাজ চলাচলের বাণিজ্যিক পথ সুরক্ষার জন্য চালানো অভিযান বিদ্যমান নৌচুক্তির অংশ হিসেবে পরিচালিত হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত