ঐতিহাসিক জয়ের পরও তৃপ্ত নন শান্ত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সাদা বলের ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এশিয়ার দলটির জন্য ঐতিহাসিক এক জয় এটি। বহুল কাঙ্ক্ষিত জয়ে স্বস্তি পেলেও তৃপ্ত নন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক পুড়ছেন সিরিজ জিততে না পারার আক্ষেপে।

সিরিজ জয়ের কাজ প্রথম দুই ম্যাচেই সেরে ফেলেছিল নিউজিল্যান্ড। সেটা খুব অস্বাভাবিকও ছিল না। নউ জিল্যান্ডে গিয়ে বারবার হেরে ফেরাটাই বাংলাদেশের নিয়মিত চিত্র। তবে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে এবার। তিন ম্যাচ সিরিজের শেষটিতে শনিবার নিউজিল্যান্ডকে ৯৮ রানে বিধ্বস্ত করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ২৮ ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটি।

সিরিজ শুরুর আগে শান্ত দৃঢ় কণ্ঠে বলেছিলেন, অতীতে বাংলাদেশের কোনো দল যা করতে পারেনি, এবার তেমন কিছু করতে চান তারা। তাদের সেই স্বপ্নের সীমানায় শুধু একটি ম্যাচ জয়ই নয়, ছিল সিরিজ জয়ও।

সিরিজ জিততে না পারলেও স্মরণীয় জয়ের দেখা তো পেয়েছে দলটি। তাতে মন ভরেনি শান্তর। সিরিজ শেষে বললেন, 'যদি ইতিহাস চিন্তা করেন, তাহলে অবশ্যই গর্ব করার মতো ফল করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততেই এসেছিলাম এবং এটা বলার সময় আমি সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা খুশি যে জিততে পেরেছি। তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।'

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে যেখানে সীমিত ওভারের ক্রিকেটে একটি জয়ই ছিল অধরা, সেখানে সিরিজ জয়ের আশাকে বাড়াবাড়ি বা অলীক কল্পনাও মনে হতে পারে কারও। তবে শান্তর দাবি, অবাস্তব কোনো ভাবনা তার ছিল না।

তার ভাষায়, 'আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, খেলা শুরুর আগে আমাদের কাজটা কী… আমাদের প্রস্তুতি, কাজের প্রতি আমরা কতটা সৎ, আমরা কী করতে চাই, এসব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা যে, আমরা কতটুকু বিশ্বাস করছি। দল হিসেবে আমার খুবই বিশ্বাস যে এই দল আরও ভালো করতে পারে। আমার কাছে সবসময়ই গ্রুপটাকে দেখে মনে হয়েছে যে, এই গ্রুপের ওই ক্ষুধাটা আছে যে এখানে এসে ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি।'         

×
সর্বশেষ সর্বাধিক পঠিত