নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপি ও তার দুই কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অন্য দুই বিবাদী হলেন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে জনমনে ভীতিকর অবস্থা সৃষ্টি করে তার সমর্থকরা। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও তার এজেন্টদের বিরুদ্ধে হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এসব কর্মকান্ডের কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮(ক) ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, আমরা নির্বাচন কমিশন থেকে পৃথক দুটি নিদের্শনার চিঠি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আব্দুল হাই এমপি জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দিয়েছে।
