প্রচারণায় নসরুল হামিদ

‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হবে ভোটে'

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সবাইকে নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-০৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ। তিনি বলেছেন,‘৭ জানুয়ারির প্রতিটি ভোটে হবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ।'  

রবিবার তেঘরিয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের কদমপুর এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নৌকা মার্কার এই প্রার্থী বলেন, ‘২০২৪ সালের ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট দিতে হবে। আমাদের এ ভোট হবে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে প্রতিবাদ। আমার প্রার্থী পাস করবে এটা ভেবে ঘরে বসে থাকলে হবে না। ভোটটা দেওয়া মানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। এটা মাথায় রাখতে হবে।'    

এসময় তেঘরিয়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনাদের আরও বেশি যেতে হবে। কারণ, বিগত দিন সব থেকে বেশি কাজ এই তেঘরিয়া ইউনিয়নে হয়েছে। ৬০০ বিঘার ওপর এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। এটা শেষ হলে দেখবেন এই এলাকার চেহারা আরও পরিবর্তন হয়ে গেছে।’      

বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে নসরুল হামিদ বলেন, ‘২৮ তারিখের পর বিএনপি আরও বেশি দেউলিয়া হয়ে গেছে। এই কয়েকদিন আগে তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে। বাচ্চাসহ চারজন মারা গেছে ৷ এদের বুক কাঁপে না। লন্ডনে বসে নির্দেশ দেয় বুক কাঁপে? মানুষ হত্যা করে শান্তি চায়, এটা হতে পারে? ২০১৪ সালেও আমরা দেখেছি। শান্তির কথা বলে সারা বাংলাদেশে নৈরাজ্য করেছে।'     

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ সংসদীয় আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন পাওয়া নসরুল হামিদ গত ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রবিবারের উঠান বৈঠকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহর চান মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত