সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে হুমকির অভিযোগ 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:২১ পিএম

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে ঘাড় মটকানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে। 

ওই বীর মুক্তিযোদ্ধা নাম গোলাম মর্তুজা হানিফ। তিনি কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে বলতে দেখা যায়, ‘সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাঁকে সতর্ক করে দিচ্ছি, তাঁকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চেন না।’

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল হকের পক্ষে গত মঙ্গলবার রাতে একটি নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা। এ জন্য গতকাল শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় ওই মুক্তিযোদ্ধাকে সতর্ক করে হুমকি দেন মন্ত্রী।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ গণমাধ্যমকে বলেন, নুরুজ্জামান আহমেদ আমাকে প্রকাশ্য সভায় ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবো। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে ফোনে বিষয়টি জানিয়েছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত