নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) আবদুল হাইসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
এমপি আবদুল হাই ছাড়া মামলার অন্য দুই বিবাদী হলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন থেকে পৃথক দুটি নির্দেশনার চিঠি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলার প্রস্তুতি চলছে।’ এ ব্যাপারে এমপি আবদুল হাই বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দিয়েছে।’
