গণসংযোগে মনোযোগ বিএনপির

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ এএম

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচির মধ্যে আছে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ। এর আগে গতকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করে দলটি। কর্মসূচি পালনকালে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা চারটি বাসে আগুন দেয়। এর মধ্যে ঢাকায় তিনটি ও কুমিল্লায় একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আজ সোমবার বড়দিন উপলক্ষে কোনো কর্মসূচি রাখেনি দলটি।

গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি পালন করা হবে।’  তিনি বলেন, ‘বিশ্বে নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট ভোট খেলায় মেতে উঠেছে সরকার। ১৭৪ আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে। ক্ষমতায় থাকার এত কসরত। এ নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে ভেতরে এক্সিট খুঁজছে। ভয়ে আতঙ্কে প্রলাপ বকছে, খিস্তিখেউড় আর আর্তনাদ করছে। বাংলাদেশের মানুষ এসব বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।’

বিএনপি এ নেতা বলেন, ‘দেশে ৭ জানুয়ারি যে নির্বাচন নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে, সেটা কোনো নির্বাচনই নয়। নির্বাচনের যে সংজ্ঞা, তার মধ্যেই এটা পড়ে না। ৩০০ আসনই নৌকার। ৩০০ আসনই শেখ হাসিনার ইচ্ছাধীন। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে। ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী ও নৌকার প্রার্থী একাকার। ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা করা হবে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন, তাও নির্ধারণ করা হয়ে গেছে। যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা এবং ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে।’

বিএনপি ছাড়াও এই অভিন্ন কর্মসূচি সমমনা জোটগুলো থেকে গতকাল বিকেলে ঘোষণা করা হয়। বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় পাঁচ দিন হরতাল ও এই পর্যন্ত ১২ দফায় (রবিবারসহ) ২৩ দিন অবরোধ কর্মসূচি করে।

এদিকে অবরোধের সমর্থনে গতকাল রিজভীর নেতৃত্বে কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় মিছিল শেষে রিজভী বলেন, ‘কেউ ভোটকেন্দ্রে যাবেন না, এ ভোট বর্জন করুন। সবাই নিজ নিজ বাসায় থাকুন। ভোট বর্জন ও শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে আওয়ামী সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।’

এ ছাড়া রাজধানী ধানমন্ডিতে সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসানের নেতৃত্বে এবং মতিঝিল মেট্রো স্টেশন ও রাজউক ভবনের পাশে যুবদলের নেতারা মিছিল করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের শিল্পব্যাংক ভবন থেকে দৈনিক বাংলা অভিমুখে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে আরেকটি মিছিল হয়। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মিছিল করেছেন মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

পোস্তগোলায় বাসে আগুন : রাজধানীর জুরাইন পোস্তগোলা এলাকায় গতকাল রাইদা পরিবহনের নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পান। দ্রুত তাদের পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে এতে কেনো হতাহতের খবর পাননি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বার্তায় জানায়, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা চারটি যানে আগুন দেওয়ার সংবাদ পান। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি ও কুমিল্লায় একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিস মোট ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পায়। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। যানবাহনের মধ্যে রয়েছে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি ২৯টি।

এদিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ডসংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। এ তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া। দুর্ঘটনাকবলিত ‘তিশা প্লাস’ বাসটির মালিকের জামাতা মকবুল হোসেন জানান, চান্দিনা হাইওয়ে পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুর : দেশব্যাপী অবরোধের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও গাছ ফেলে পুড়িয়ে অগ্নিসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সকালে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের টিকরপুর থেকে খারশুল ব্রিজ পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল, গাছ ফেলে তা পুড়িয়ে ও আগুন জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন।

নাটোর : সকালে শহরের তেবাড়িয়া-স্টেশন রোড এলাকায় মিছিল বের হয়। মিছিলটি স্টেশন সড়ক প্রদক্ষিণ করে। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মেহেরপুর : নাশকতার চেষ্টার অভিযোগে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আওয়াল (৫৫) ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ (৫৪) ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সকালে গাংনী উপজেলার বামুন্দী এলাকা থেকে ১০ ও মেহেরপুর সদর উপজেলা থেকে ১ জনকে আটক করে পুলিশ।

খুলনা : খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য তিনজন হলেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. মনিরুজ্জাম মনি, মো. হানিফ ও মো. ওমর ফারুখ খান।

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন দেবিদ্বার (কুমিল্লা), জামালপুর, দোহার-নবাবগঞ্জ (ঢাকা), নাটোর, মেহেরপুর ও খুলনা প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত