বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। গতকাল রাতে জমে উঠেছিল পার্টি। বাবার বিয়ের পার্টিতে বেশ উচ্ছ্বসিত দেখা গেল আরবাজ-মালাইকা পুত্র আরহান খানকেও। বিয়ের পর কেক কেটে পার্টি শুরুর পর আরহানকে খাইয়ে দেন তার নতুন মা সুরা। এসময় সালমান খান, আলভিরা, অর্পিতাসহ পরিবারের সবাইকেই দেখা গেছে।
এসময় মিউজিকের সঙ্গে কণ্ঠে গান তুললেন আরবাজ, গাইলেন, 'তেরে মাস্ত মাস্ত'। সালমানের ভাইয়ের মুখে তখন লাজুক হাসি, অপরপ্রান্তে প্যাস্টেল রঙের গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন সুরা। তার চোখ-মুখও খুশিতে উজ্জ্বল।
বাবা যখন, 'তেরে মাস্ত মাস্ত দো নয়ন, মেরা দিলকা লে গ্যায়ে চ্যায়ন' গাইছেন, তখন লাজুক হাসি নিয়ে বাবার পাশে এসে দাঁড়ালেন আরবাজ-মালাইকা পুত্র আরহান। কোনওরকম দ্বিধা ছেড়ে সৎ মায়ের সঙ্গে বাবার এই খুশির দিনে আরহানকেও হাসিখুশিই দেখাল। আরবাজ এদিন পরেছিলেন ক্রিম রঙের ফ্লোরাল জ্যাকেটে, আরহানকে দেখা গেল কালো স্যুটে। বাবা-ছেলে গান গাইতে গাইতে শুরু করলে হাততালি দিয়ে ওঠেন সুরা। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে।
এখানেই শেষ নয়, আরবাজের বিয়ে উপলক্ষ্যে এদিন একেবারে ঘরোয়া পার্টিতে মজেছিল 'খান'দান। যে পার্টিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু অবশ্যই 'ভাইজান' সালমান। সালমানকেও ঘরোয়া পার্টিতে আফগান কুর্তা-পাজামা পরে নাচতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে তখন চলছিল সালমানের ছবির জনপ্রিয় সেই গান, 'তেরে মাস্ত মাস্ত দো নয়ন'। ভাইজানের সঙ্গে এদিন কোমর দোলালেন নববধূ সুরা, ছিলেন সালমানের বোন অলভিরা। এই সময় সালমানের পাশে হাসিমুখে নাচলেন আরবাজ-মালাইকা পুত্র আরহানও।
রবিবার সালমান, আরবাজ, সোহেলের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান।অনুষ্ঠানে কনেপক্ষ হিসাবে আরবাজের বিয়েতে পৌঁছেছিলেন রাবিনা তেন্ডন ও তার মেয়ে রাশা। রাবিনার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেন আরবাজের স্ত্রী সুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তার দুই পুত্র, সেলিম, সালমা, হেলেন, আলভিরা,অতুলরা পৌঁছেছিলেন আরবাজের খুশিতে সামিল হতে। হাজির ছিলেন ইউলিয়া ভান্তুর, রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারাহ খান, সাজিদ খান-সহ আরও অনেকেই।
