শামিকে মিস করলেও অন্যদের ওপর পূর্ণ আস্থা রোহিতের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম

প্রায় মাসখানেকের বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে না পারার ব্যর্থতা ঘোঁচানোর চ্যালেঞ্জ তার সামনে।

এই বক্সিং ডে টেস্টকে সামনে রেখে ম্যাচপূর্ব সম্মেলনে রোহিত শর্মা জানান ভারতীয় দলের কাছে এই টেস্টের গুরুত্ব। তবে নিজের পেসারদের ওপর বেশ আস্থা রেখেছেন। অস্ট্রেলিয়া, ইংলিশ ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভারতীয় পেস অ্যাটাক সেরা ফর্ম ধরে রাখবে বলেই তার বিশ্বাস। বলেন, ‘পেস কন্ডিশনে আমাদের পেসাররা দারুণ করছে। মোহাম্মদ শামিকে মিস করব। তবে অন্যরা সে ঘাটতি পূরণ করে দেবে নিঃসন্দেহে।’

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ছিল রীতিমত ব্যাটিং স্বর্গ, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও রান হয়েছে বেশ। তবে টেস্ট সিরিজে রান করতে খুব সম্ভবত ঘামই ঝরবে ব্যাটসম্যানদের, বেখেয়াল হলে ঝরতে পারে রক্তও। দুই দলের পেসারদের নামের তালিকাটা একবার দেখুন। কাগিসো রাবাদা, জসপ্রিত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি, মোহাম্মদ সিরাজ, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিদি, শার্দুল ঠাকুর। সেঞ্চুরিয়নের উইকেটে লাল বল হাতে ব্যাটসম্যানদের জীবনটা দূর্বিষহ করে তুলতে পারেন যে কেউই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত