বক্সিং ডে টেস্টকে সামনে রেখে এক সুন্দর উদ্যোগ নেয় পাকিস্তান ক্রিকেট দল। বড়দিনের দিন অনুশীলনে ব্যস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেট সেশনে ঝুড়িভর্তি চকলেট, ললিপপ ও উপহার নিয়ে হাজির হন শান মাসুদ, বাবর আজমরা। পরে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সকে দেখা যায় উপহারের ঝুড়ি হাতে ঘুরে বেড়াতে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পিসিবি ওই সময়ের একটি ভিডিও পোস্ট করেছে। উপহার নিয়ে অস্ট্রেলিয়া দলকে বড়দিনের শুভেচ্ছা জানানো হয় পাকিস্তান দলের পক্ষ থেকে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ক্ষুদে সন্তানদের ললিপপ ও চকলেট দিতেও দেখা যায় ভিডিওতে।
দুই দলের খেলোয়াড়রা এ সময় হাসি ও শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সোচ্চার হওয়া উসমান খাজার সন্তানকে জড়িয়ে ধরেন বাবর আজম। প্যাট কামিন্স এ উদ্যোগ নিয়ে বলেন, ‘চমৎকার ছিল। বড়দিনের উপহারের পাশাপাশি ওরা বাচ্চাদের জন্য ললিপপ নিয়ে এসেছিল। আমাদের দুই দলের মধ্যে সবসময়ই সুসম্পর্ক রয়েছে। আমাদের নিয়ে এভাবে ভাবার জন্য তাদের ধন্যবাদ।’
গত এশিয়া কাপ চলাকালীন ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাকে উপহার দিয়েছিলেন পাকিস্তানি বোলার শাহিনশাহ আফ্রিদি। কাল বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দুই দল।
