দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে ভোট করছেন মাহমুদুল হক মনি। কিন্তু শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন দলীয় প্রার্থীকে সহযোগিতা না করে শেরপুর-১ আসনের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর ট্রাক প্রতীককে সমর্থন দিচ্ছেন। এ কারণে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির সব পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এছাড়াও সোমবার শেরপুর শহরে জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে একসভায় দলীয় প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জন করার সিদ্ধান্ত নেয় ইলিয়াস উদ্দিন ও দলের নেতারা।
অব্যহতির বিষয়ে জানতে চাওয়া হলে ইলিয়াস উদ্দিনের বলেন, ‘আমি যে কাজ করেছি, এই কাজে আমাকে বহিষ্কার করতে পারে না। এই বহিষ্কার ইস্যুটা ষড়যন্ত্র বলে আমি মনে করি।’
