ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের সমর্থকের বিরুদ্ধে। হামলাকারীরা ১৪ নম্বর ওয়ার্ড এ কে আজাদের নির্বাচনী সচিবকে কুপিয়ে জখম করেছে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর কয়েক কর্মী জানান, প্রতিদিনের মতো প্রচারণা শেষে আমরা অফিসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। এমন সময় পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফা, আতিয়ার শেখের নেতৃত্বে শতাধিক মানুষ আমাদের অফিসে অতর্কিত হামলা চালায়। তারা আমাদের অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা রামদা দিয়ে ঈগল মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সচিব আব্দুর রহমান ঝনকের মাথায় আঘাত করে। তখনই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
১৪ নম্বর ওয়ার্ডে এ কে আজাদের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি মুন্নু মোল্লা বলেন, একই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থক ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফার নেতৃত্বে এ হামলা চালিয়ে একে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।
আহত আব্দুর রহমানের স্ত্রী পারভিন বলেন, ‘আমার স্বামী অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ। নৌকার লোকজনেরা রামদা দিয়ে তার মাথায় কোপ দিয়েছে। সে বাঁচবে কিনা জানি না। আমি এই সন্ত্রাসী হামলার বিচার চাই।’
১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম শেখ বলেন, শহরের মামুদপুর এলাকায় একটি নির্বাচনী ক্যাম্পে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কি ঘটেছে তা আমার জানা নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একে আজাদের জখম হওয়া কর্মীর সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
