পররাষ্ট্রমন্ত্রী বললেন

সিপিডির রাশিয়ান অর্থনীতিবিদরা ঘরে বসে তথ্য দিয়েছেন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অভিযোগ করেছেন, সেন্টার ফর পলিসি ডায়লগে (সিপিডি) থাকা রাশিয়ান অর্থনীতিবিদরা ঘরে বসে হিসাব করে ব্যাংক খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছেন।

সিলেট-১ আসনের নৌকার প্রার্থী হিসেবে নগরীর আম্বরখানা এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সম্প্রতি জানিয়েছে, ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাংক খাতে ছোট-বড় ২৪টি অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘রাশিয়া অনেক বড় দেশ ছিল, ইউএসএসআর (সোভিয়েত ইউনিয়ন) ধ্বংস হয়ে গেল রাশিয়ান অর্থনীতিবিদদের কারণে। ভেঙে ১৯টা রাষ্ট্র হলো। আনফরচুনেটলি সিপিডিতে আছেন এরা অনেকেই হচ্ছেন রাশান ইকোনমিস্ট। ওনারা ঘরে বসে অঙ্ক কষেন। একটা আজগুবি নম্বর বের করেছেন। যদি সত্যি সত্যি ওনাদের কিছু হিসাব থাকে, আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব। যদি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ থাকে। ওনারা অনেক সময় একেকটা গল্প বানান আর গল্পটাকে ছড়ান।’

তিনি বলেন, ‘ওনারা বলেছেন যে সাড়ে ২৩ হাজার টাকা শ্রমিকদের মজুরি দিতে হবে। আমি বলছি যে এই সাড়ে ২৩ হাজার বাড়ানো হলে ৮ হাজার থেকে প্রায় তিন গুণ। তাহলে তো সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমেরিকাও তিন গুণ মজুরি দিতে পারবে না। নিউইয়র্কে এখন ১৫ ডলার মজুরি, সেটা যদি ৪৫ ডলারে বাড়ায়, তবে তো লোকের চাকরি থাকবে না।’

ড. মোমেন বলেন, ‘দেশটাকে ধ্বংসের জন্য তারা কিছু কাজকর্ম করছে, খুবই দুঃখজনক। তারা যদি সত্যিকারের অর্থনীতিবিদ হতেন, তাহলে এ রকম ডাহা আতঙ্কজনক নম্বর দিতেন না। যদি সত্যি কথা বলতে পারতেন, তাহলে আমাদের উপকার হতো। আমরা সংশোধনমূলক পদক্ষেপ নিতে পারতাম।’

বিএনপির ভোট বর্জনের ডাক সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা দেখছেন, যারা এই বর্জন করার জন্য বলছেন, তাদের সংখ্যা একেবারে নগণ্য। ওরা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে, আসলে কোথাও নেই। সুতরাং কারও ভয়ের কোনো কারণ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত