আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। টাঙ্গাইলে সন্ত্রাসীদের গোলাগুলির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তারসহ এরই মধ্যে বিভিন্ন স্থানে ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।’
খন্দকার আল মঈন বলেন, ‘নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলায় আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। র্যাব এখন পর্যন্ত ১০টি দেশি-বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করেছে।’
