বড়দিনের ছুটিতে বজ্রঝড়, নিহত ১০, বিদ্যুৎবিহীন লাখো পরিবার

  • ২৫ ও ২৬ ডিসেম্বর ব্যাপক শিলাবৃষ্টি এবং মুষলধারে বৃষ্টির ফলে বিপর্যস্ত জনজীবন
  • ঝড়ের কারণে প্রায় ৯০ হাজারের বেশি পরিবার এখনও বিদ্যুৎবিহীন
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম

বড়দিনের ছুটিতে তীব্র বজ্রঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। প্রচণ্ড ঝড় ও বন্যায় দেশটির পূর্বাঞ্চলে নিহত হয়েছে অন্তত ১০ জন। প্রায় ৯০ হাজারের মত পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড রাজ্যে ২৫ ও ২৬ ডিসেম্বর ব্যাপক শিলাবৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি হয়। সে সময় প্রবল বাতাসে ছাদ উড়ে যায় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে। ঝড়ের কারণে প্রায় ৯০ হাজারের বেশি পরিবার এখনও বিদ্যুৎবিহীন রয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল সাংবাদিকদের জানান, বজ্রঝড়ের সময় মোরেটন বে-তে গ্রিন আইল্যান্ডের কাছে ১১ জন যাত্রী নিয়ে একটি ইয়ট ডুবে তিনজন নিহত হন।

এ ছাড়া রাজ্যেটির রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে জিমপি শহরের কাছে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ব্রিসবেনের দক্ষিণে নিখোঁজ হওয়ার পর নয় বছর বয়সী এক কন্যাশিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বৃষ্টির কারণে নদী উপচে পড়ে ক্যাম্পগ্রাউন্ডগুলো প্লাবিত হতে পারে বলে আগে থেকেই সতর্ক জানিয়েছিল কর্তৃপক্ষ। এসব স্থানগুলোতে সাধারণত বড়দিন এবং নববর্ষের ছুটিতে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ঝড়ের কারণে কংক্রিটের তৈরি একটি পাওয়ার লাইন ভেঙে পড়েছে। এটিকে তিনি ‘বেশ উল্লেখযোগ্য এবং নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন।

তবে চলমান এই দুর্যোগপূর্ণ পরিবেশ কেটে গিয়ে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। যদিও আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত