ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিশন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার দেশটির সংসদ এ সিদ্ধান্ত নেয়।
দীর্ঘ ১৯ মাস পর সুইডেনের ন্যাটোভুক্তি নিয়ে তুরস্ক এ সবুজ সংকেত দিলো। এখন তুর্কি সংসদে সদস্যদের সমর্থন এবং প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোতে যোগদান অনেকটা সহজ হয়ে যাবে। এর আগে, ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলি সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। কারণ হিসেবে তুরস্ক বলছিল, সুইডেন ‘কুর্দি সন্ত্রাসী’ গোষ্ঠীকে আশ্রয় দেয়। এরপর সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোয় আরও বেঁকে বসে ইস্তাম্বুল।
তবে তুরস্ক অনুমতি দিলেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, কানাডা, নেদারল্যান্ডসের মতো পশ্চিমা দেশের সামরিক সরঞ্জাম দরকার তুরস্কের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়টিও তুর্কি শিথিলতার বড় কারণ। এবার এরদোয়ান ক্ষমতায় আসার পর বাইডেন প্রশাসনের শর্ত ছিল সুইডেনের ন্যাটোভুক্তিতে সায় দিলে সামরিক সরঞ্জাম চুক্তিতে ইতিবাচক সাড়া পাবে তুরস্ক।
