মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘আমি চাই আপনাদের মাঝে থাকতে, আপনাদের সেবা করতে এবং আপনাদের হয়ে কাজ করতে চাই। আপনাদের সুখে-দুঃখে যেন সবসময় থাকতে পারি। সে জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।’
আজ বৃহস্পতিবার বিকালে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আযোজিত স্থানীয় রামনগর হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের হয়ে কাজ করার। এখন আপনাদের দায়িত্ব আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নৌকার হাত শক্তিশালী করা, যাতে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকে। এই ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আমি আশা করছি এই ইউনিয়নের (কছুন্দি) শতভাগ মানুষ যেন আমাকে ভোট দেন। আপনাদের কাছে আমার বেশি কিছু চাওয়া নেই।’
কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, এনামুল হক হিরক, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।
