৫ বছর পর আজ বরিশালে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ এএম

দীর্ঘ ৫ বছর পর আজ শুক্রবার বরিশালে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে নগরজুড়ে চলছে সাজ সাজ বর। দীর্ঘদিন পর দলের সভাপতিকে কাছে পেতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ নেতারা বরিশাল মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার। তিনি বলেন, আমাদের মাঠ প্রস্তুত, আগামী দিন জনসভায় ব্যাপক সমাগম ঘটানো হবে। আমরা ১০ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি, আশা করি তার থেকেও অধিক লোকের জনসমাগম বরিশাল শহরে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনাসহ জাতীয় নেতারা মঞ্চে উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই দক্ষিণাঞ্চলে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার জন্য সবার কাছে উদাত্ত আহ্বান জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সফর কমিটির সমন্বয়ক বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, জননেত্রীর আগমনকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দক্ষিণাঞ্চলের উন্নয়নের কারণেই সর্বস্তরের জনগণ এ জনসভায় আসবেন এবং জনসভাকে সাফল্যম-িত করবেন বলে আমি মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত