শেরপুরে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম

শেরপুর জেলায় কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া গ্রামের পুলিশ ইন্সপেক্টর জয়নাল আবেদীনের বিরুদ্ধে জমি দখল, শ্রমিকের বেতন না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মানববন্ধন করেছে তার বড় ভাইসহ শতাধিক মানুষ। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তার কর্মকাণ্ড থেকে মুক্তি চেয়ে তারা মানববন্ধন করেন। তিনি বর্তমানে জামালপুর জেলায় কর্মরত আছেন।

মানববন্ধনে তারা বলেন, জয়নাল আবেদীন জোরপূর্বক জমি দখল, বাড়ীতে শ্রমিক দিয়ে কাজ করিয়ে তাদের বেতন না দেওয়া, স্ত্রীকে দিকে এলাকার মানুষের হয়রানি করাসহ বিভিন্ন অবৈধ কাজ করেন। এসময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ছন্টু, রাব্বিনুর, আকলিমা বেগম, মোছা. পারভীন আক্তার ,মোজাফফর মিয়া, রহিম উদ্দিন এবং আ. হালিম।

এ বিষয়ে জয়নাল আবেদীন বলেন, আমাকে এবং আমার পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদ করাসহ সমাজে হেয় প্রতিপন্ন করতে তারা মানববন্ধন করেছে। আমার সৎ ভাই আনোয়ার হোসেন ছন্টুর বিরুদ্ধে শেরপুর সদর থানায় জুয়া খেলা, মাদক সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত