আসন ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন: খেলাফত মজলিস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগি আখ্যা দিয়ে দেশ ও জাতির স্বার্থে তা বন্ধের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। ‘একতরফা তফসিল’ বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট হতে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।

মাওলানা কাসেমী বলেন, ‘ক্ষমতাসীনদের নিজেদের মধ্যে লাল-হলুদ ভাগাভাগির নির্বাচন জনগণ মানবে না। রাজনৈতিক নেতাদের জেলে ভরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘লাগামহীন দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উঠেছে, সরকারের সে দিকে কোনো খেয়াল নেই, তারা প্রহসনের নির্বাচনে ব্যাস্ত। অবিলম্বে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করতে হবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।’

হেফাজতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজিজুল হকের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সহ-বায়তুলমাল সম্পাদক মুহা. জিল্লুর রহমান, মহানগরী উত্তর সভাপতি সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, হুমায়ুন কবির আজাদ, এনামুল হক হাসান, মাওলানা আবু ইউসুফ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুজিবুল হক, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ এডভোকেট সানাউল্লাহ, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন জামিল, ছাত্রনেতা নুর মুহাম্মদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত