ইসরায়েলের বিমান হামলায় ইরানের ১১ বিপ্লবী গার্ড নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ১১ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলে হয়, বৃহস্পতিবার দামেস্ক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যান এ সেনারা। ওই সময় বিমান হামলার ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন।

এর আগে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ সিরিয়া ও দামেস্কের কাছে বিমান হামলার তথ্য প্রকাশ করে। ইসলামিক বিপ্লবী গার্ডের যে ১১ সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ার  পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর দেখভালের দায়িত্বে ছিলেন।

সিরিয়ায় হামলার ব্যাপারে সাধারণত কোনো ধরনের মন্তব্য বা তথ্য দেয় না ইসরায়েল। তবে ইসরায়েল একাধিকবার জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার-আল আসাদকে সমর্থকারী চিরশত্রু ইরানকে কখনো তারা সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সাইদ রাজি মুসাভি। তিনি সিরিয়া ও লেবাননে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সবচেয়ে পুরোনো কমান্ডারদের একজন।

মুসাভি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওই হামলাকে ‘ইহুদিবাদী শাসকদের’ হতাশার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দেন, এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে।   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত