রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (৩০ ডিসেম্বর) চালানো এই হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। আহতের সংখ্যা শতাধিক। এর আগে হামলার পর প্রাথমিকভাবে শিশুসহ ১০ জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক এ হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বেলগোরোদ অঞ্চলটি ইউক্রেনের লুহানস্ক, সুমি এবং খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী। ইউক্রেনের দিকে আক্রমণ চালানোর ক্ষেত্রে রুশ বাহিনীর জন্য এই শহরটি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে কাজ করছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউক্রেনের এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। রুশ এই মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোদ অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে।
রাশিয়ার বাহিনী সারা দেশে ৩২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে মস্কোর কর্মকর্তারা শনিবার জানান। মস্কো, ব্রায়ানস্ক, ওরিওল এবং কুরস্ক অঞ্চলের আকাশে ড্রোন দেখা গেছে বলেও মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সকল ড্রোনই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
এদিকে রাশিয়া শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে প্রাণঘাতী এই হামলার বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করেছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, এটি বেসামরিক শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা।
