সম্পত্তি বিক্রি করে সাগর ভ্রমণের স্বপ্ন আটকে গেছে হোটেল রুমে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

বিলাসবহুল প্রমোদতরীতে চেপে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেছিলেন কারা এবং জো ইউসেফ দম্পতি। কথায় আছে শখের দাম লাখ টাকা, তাই স্বপ্ন পূরণের জন্য নিজেদের সম্পত্তি বিক্রি করে প্রমোদতরীর টিকিট কিনেছিলেন এই দম্পতি। কথা ছিল তুরস্ক থেকে শুরু সমুদ্রযাত্রায় কমপক্ষে ১৪০টি দেশে নোঙর করবে জাহাজটি। অথচ সেটি এখন নির্ধারিত সময়ে যাত্রাই করছে না। শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ক্রুজ কর্তৃপক্ষ তিন বছরব্যাপী বিশ্ব ভ্রমণের সেই যাত্রা বাতিল করেছে। সেই থেকে এক মাস তুরস্কের ইস্তাম্বুলে হোটেল কক্ষের চার দেয়ালে আটকে গেছে এই দম্পতির বিশ্ব দেখার স্বপ্ন।

এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউসেফ দম্পতি প্রমোদ ভ্রমণের জন্য সম্পত্তি বিক্রি করে ৮০ হাজার ডলারে জাহাজে বুকিং দিয়েছিলেন। চলতি বছর ১ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা করার কথা ছিল ক্রুজটির।

যাত্রা শুরুর একেবারে আগ মুহূর্তে লাইফ অ্যাট সি ক্রুজেস নামের সংস্থাটি জানিয়ে দেয়, ক্রুজটির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আরেকটি ক্রুজশিপ পেতে ব্যর্থ হওয়ায় আপাতত বিশ্বভ্রমণ স্থগিত করা হয়েছে।

এমন খবরে হতাশা জানিয়ে নিউইয়র্ক পোস্টকে কারা ইউসেফ বলেন, ‘সমুদ্রপথে বিশ্বভ্রমণের এই স্বপ্ন পূরণের জন্য আমাদের সম্পত্তি বিক্রি করে বুকিং এর টাকা দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে। আমরা হোটেলের চার দেয়ালে আটকে গেছি। এখন তারা আমাদের ৮০  হাজার ডলার ফেরত দেবে এই অপেক্ষায় আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত