বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এই ক্লাবের জন্য খেলোয়ার বাছাই ও বিশেষ অনুশীলনেও গুরুত্বারোপ করেছেন।
গতকাল শনিবার তিন দশক পূর্তি উপলক্ষে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব নির্দেশনা দেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দশক পূর্তির এই আয়োজনে সভাপতিত্ব করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি পুলিশ ক্লাবের সভাপতি হিসেবে তার সময়ে গৃহীত পদক্ষেপ, সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) ও টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সরওয়ার বক্তব্য রাখেন। তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সাফল্য কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
