জন্মদিনে মাকে যে উপহার দিলেন রোনালদো

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম

সব সন্তানের কাছে তার মায়ের জন্মদিনটা বিশেষ। ক্রিশ্চিয়ানো রোনালদো তার মায়ের জন্মদিন পালন করতে মরুর দেশ সৌদি আরব থেকে ছুটে গেছেন পর্তুগালে।

রোনালদোর মা দোলোরেস অ্যাভেইরোর জন্মদিন ৩১ ডিসেম্বর। ম্যাচের ব্যস্ততা না থাকলে এই দিনে পর্তুগালে গিয়ে মায়ের সঙ্গেই কাটান ‘সিআরসেভেন’। এবার আল নাসর তারকার ম্যাচ ছিল ৩০ ডিসেম্বর। সেদিন আল তাউনের বিপক্ষে ম্যাচটি খেলেই সৌদি আরব থেকে পর্তুগালের মাদেইরাতে চলে যান রোনালদো। 

শুধু নিজেই যাননি, মায়ের জন্য একটা উপহারও হাজির করেন পর্তুগিজ তারকা। মায়ের ৬৯তম জন্মদিনে তাকে একটি পোরশে গাড়ি উপহার দিয়েছেন রোনালদো। এরপর মায়ের জন্মদিন ও নতুন বছর উদ্‌যাপনে আয়োজন করেছেন পার্টিও।

মাকে রোনালদোর গাড়ি উপহারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায় নাতি রোনালদো জুনিয়রের সঙ্গে গ্যারেজে ঢুকে গাড়ির কাছে যান দোলোরেস। একপর্যায়ে নাতিকে তিনি জড়িয়ে ধরেন। এ সময় তার চোখ ছলছল করছিল। পরে গিয়ে গাড়ির চালকের আসনে বসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, সেজেগুজে পার্টি প্রাঙ্গণে ঢুকছেন দোলোরেস। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা রোনালদো মায়ের উদ্দেশে বলেন, ‘কেঁদো না, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত