ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধ এবং তেহরানের মিত্র বাহিনীর জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই লোহিত সাগরে প্রবেশ করেছে ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ। সোমবার (১ জানুয়ারি) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেদনে আলবোর্জের মিশনের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তাসনিম। কিন্তু ২০০৯ সাল থেকে ইরানের যুদ্ধজাহাজগুলো শিপিং রুট, জলদস্যুদের প্রতিরোধ এবং অন্য কাজের জন্য নিয়োজিত রয়েছে।
হামাসের প্রতি সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এসব হামলার পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে জাহাজ চলাচলের সুরক্ষায় গত মাসে একটি বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে হুতির এসব হামলার কারণে সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশের দীর্ঘ এবং ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে শিপিং কোম্পানিগুলো। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়।
তাসনিম জানিয়েছে, আলবোর্জ বাব এল-মান্দাব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। তবে ঠিক কখন এই যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে সে বিষয়ে কিছু বলা হয়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে শনিবার গভীর রাতে যুদ্ধাজাহাজটি সেখানে পৌঁছায়।
মার্কিন নৌবাহিনী বলেছে, অসমর্থিত প্রতিবেদনের কারণে ইরানের যুদ্ধজাহাজের গতিবিধি নিয়ে তারা মন্তব্য করতে পারে না।
এর আগে গত ২ ডিসেম্বর ইরানের নৌ প্রধান শাহরাম ইরানির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, লোহিত সাগরে মিশন পরিচালনা করছে আলবোর্জ। পরে ১৪ ডিসেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যেসব অঞ্চলে আমাদের আধিপত্য আছে সেখানে অন্য কেউ অগ্রসর হতে পারবে না।
লোহিত সাগরে মার্কিন হামলায় ১০ হুতি নিহত, পালিয়ে বাঁচল ৪
লোহিত সাগরে হুতির ৩ নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র