পিএসজিতে মার্কিনহোসের সঙ্গী হলেন আরেক ব্রাজিলিয়ান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

শীতকালীন দল বদলের শুরুর দিনই রক্ষণে শক্তি বাড়াল ফরাসি ক্লাব পিএসজি। তারা দলে টেনেছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক লুকাস বেরালদোকে।

স্বদেশের ক্লাব সাও পাওলো থেকে প্যারিসের ক্লাবটিতে যোগ দিলেন ২০ বছরের তরুণ এই ডিফেন্ডার। তার সঙ্গে পিএসজির চুক্তিটা পাঁচ বছরের। আজ সোমবার বিবৃতি দিয়ে এই ব্রাজিলিয়ানকে দলে টানার কথা জানালেও কত অর্থ খরচ হয়েছে তা জানায়নি পিএসজি। তবে খবর ২০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন তিনি।

ব্রাজিলের শীর্ষ লিগে সাও পাওলোর শুরুর একাদশের নিয়মিত খেলতেন বেরালদো। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি।

পিএসজিতে যোগ দিয়ে বেরালদো জানান, 'আমি খুব খুশি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না এত বড় ক্লাবে যোগ দিয়েছি। পিএসজির জার্সিতে ট্রফি জিততে মুখিয়ে আছি। ডিফেন্সে পার্টনার হিসেবে মার্কিনহোস কে পাওয়াটা দারুণ। আমার জন্য সুবিধাই হবে মার্কিনহোস থাকায় যেহেতু আমরা একই ভাষায় কথা বলি। ক্যারিয়ারের বড় একটি ধাপে পা দিলাম।'

ফরাসি লিগে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত