দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা লি জায়ে মিউং-কে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার সুময় তিনি একটি সংবাদ সম্মেলন করছিলেন। সেখানেই তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে মঙ্গলবার (২ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা ইয়োনহাপ বলেছে, সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন এবং তার সমর্থক হওয়ার ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে সেই ব্যক্তি তাকে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন।
ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ২০ মিনিটের মধ্যেই লি জায়েকে হাসপাতালে ভর্তি করা হয়। বার্তাসংস্থাটি জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময় লির জ্ঞান ছিল।
লি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের কাছে হেরে যান তিনি।
দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণকারী লি জায়ে-মিউং ২০১০ সালে রাজধানী সিউলের কাছে অবস্থিত সিওংনামের একটি শহরের মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। এছাড়া তিনি মানবাধিকার আইনজীবী হিসেবেও কাজ করেন।
