শেষ টেস্টের আগে ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপি চুরি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

শেষ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাগ চুরি হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। সেই ব্যাগেই ছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার সময় যে টুপি দেওয়া হয় ক্রিকেটারদের। ফিল্ডিং করার সময় সেই টুপি পরেন ক্রিকেটারেরা। ব্যাগি গ্রিন টুপি প্রত্যেক অসি ক্রিকেটারের কাছে অমূল্য জিনিস। শেষ টেস্ট খেলতে নামার আগে সেই টুপি হারিয়ে ভেঙে পড়েছেন ওয়ার্নার। তিনি সেই টুপি ফেরত পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে সিডনি গিয়েছেন ওয়ার্নার। সেটাই তার জীবনের শেষ টেস্ট। এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছিলেন শেষ টেস্টটি সিডনিতে দেওয়ার জন্য। সব কিছু তার ইচ্ছে মতোই হচ্ছিল। এমন সময় হঠাৎ ব্যাগ এবং টুপি চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন ওয়ার্নার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে আবেদন করেছেন হারানো জিনিস ফেরত দেওয়ার জন্য। এও জানিয়েছেন যে, যিনি ব্যাগ ফেরত দেবেন তাকে কোনও রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। তিনি তাকে নিজের একটি ব্যাগ উপহার হিসাবেও দেবেন।

ওয়ার্নার বলেন, 'আমার ব্যাগটি কেউ নিয়ে গেছে। তার মধ্যে আমার মেয়েদের জন্য উপহার ছিল। আমার ব্যাগি গ্রিন টুপি ছিল। ওই টুপিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে ওই টুপিটা আমার ফেরত চাই। ব্যাগটা যদি কারও খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে ওই রকম দেখতে একটা ব্যাগ দিতে পারি। আমার কাছে একই রকম দেখতে একটা ব্যাগ আছে। যিনি নিয়েছেন দয়া করে ফেরত দিয়ে যান। আপনাকে কোনো বিপদের মধ্যে পড়তে হবে না। আমি আর একটা ব্যাগ দেব আপনাকে।'

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট শুরু বুধবার থেকে। ওয়ার্নার আশাবাদী সেই ম্যাচে খেলতে নামার আগে টুপি ফেরত পেয়ে যাবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত