আর দশ দিন পরই অনুষ্ঠিত হবে তাইওয়ানের ভোট। এমন পরিস্থিতিতে তাইওয়ানের আকাশে আবারও তিনটি চীনা বেলুন উড়তে দেখা গেছে।
গতকাল মঙ্গলবার তিনটি চীনা বেলুন তাইওয়ান প্রণালি অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে বলে এক বিবৃতিতে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গত এক মাসে তৃতীয়বারের মতো চীনা বেলুন তাইওয়ানের আকাশসীমায় ঢুকল।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে তিনটি চীনা বেলুন শনাক্ত করেছে তারা।
মন্ত্রণালয় জানায়, চারটি চীনা বেলুন চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করা মধ্যরেখায় শনাক্ত করা হয়েছে। বেলুন তিনটি তাইওয়ান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি চিং চুয়ান কাংয়ের দক্ষিণ-পশ্চিমে যথাক্রমে ১০৫ নটিক্যাল মাইল, ১৬০ নটিক্যাল মাইল এবং ১৫৯ নটিক্যাল মাইল দূরত্বে উড়েছিল। এরপর বেলুনগুলো অদৃশ্য হয়ে যায়।
মূলত গত বছরের ডিসেম্বর থেকেই প্রথমবারের মতো চীনা বেলুনগুলো দেখার কথা জানায় তাইওয়ান। এ পর্যন্ত ছয়টি ঘটনা তারা প্রকাশ করেছে।
তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেলুনগুলোর প্রকৃতি, উচ্চতা এবং সম্ভাব্য বিপদ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সামরিক ও রাজনৈতিক—উভয় ধরনের চীনা কর্মকাণ্ডের ব্যাপারে জন্য চরম সতর্ক রয়েছে তাইওয়ান। কারণ নববর্ষের বার্তায় তাইওয়ান ‘নিশ্চয়ই চীনের সঙ্গে একত্রিত হবে’বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি আলোচনায় এসেছিল গত বছরের ফেব্রুয়ারিতে। সে সময় একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে চীন বলেছিল যে, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে।
