‘ব্রাজিলের কোচ হওয়াটা রোমাঞ্চকর, কিন্তু ছাব্বিশে চাইবে কিনা জানিনা’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষেই শুরু হবে কোপা আমেরিকা। তার ঠিক আগমুহূর্তে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল কার্লো আনচেলত্তির। ব্রাজিল ভক্তরাও প্রত্যাশায় ছিলেন, ইতালিয়ান ট্যাকটিশিয়ানের ছোঁয়ায় বদলে যাবে সেলেসাওরা। তবে তাদের হতাশ করে আচমকাই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ২০২৬ পর্যন্ত।

গত ২৯ ডিসেম্বর আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এরপরেই নিশ্চিত হয় ব্রাজিলের ডাগআউটে আসছেন না তিনি।

এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদোকে সরিয়ে দেওয়া। রিও ডে জেনিরোর এক আদালতের রায়ে তাকে সরিয়ে দেওয়ার আদেশ করা হয়। এডনালদোই আনচেলত্তিকে আনার ব্যাপারে কাজ করছিলেন।

তবে মঙ্গলবার এসব ইস্যুতে মুখ খুলেছেন কার্লো আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের অবস্থান ব্যক্ত করে জানালেন এটাই তার শেষ ঠিকানা, ‘রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতে পারতাম।’

ব্রাজিলের সঙ্গে চুক্তির বিষয়ে গর্ব করলেও রিয়ালকে নিজের প্রথম পছন্দ বলতেও দ্বিধা করেননি এই ইতালিয়ান, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছিল কিন্তু আমার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। সেটি সবসময়ের জন্যই। তবে ব্রাজিলের সঙ্গে আমার কথা হওয়ার বিষয়ে আমি গর্বিত।

আনচেলত্তি বলেছেন, ‘এডনাল্ডো এই মুহূর্তে প্রেসিডেন্ট না। সবকিছু আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। কারণ আমি মাদ্রিদেও থাকতে সক্ষম। ব্রাজিলের কোচ হওয়ার কথা ভাবাটা রোমাঞ্চকর ছিল, কিন্তু আমি জানি না তারা ২০২৬ সালে আমাকে চাইবে কিনা।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল আনচেলত্তির। সে চুক্তি আরও ২ বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন তিনি। তার এই সিদ্ধান্তের পর এবার নতুন কোচ খোঁজার দিকে মন দিচ্ছে ব্রাজিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত