ফেরদৌসকে কী নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী? 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

নির্বাচনী প্রচারণায় দারুণ ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১০ আসনের নতুন নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস।  তিনি। ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার আনাচে-কানাচে। ভোটের আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বার্তা পেয়েছেন এই চিত্রনায়ক।

নির্বাচন নিয়ে এই অভিনেতাকে দেওয়া হয়েছে কিছু দিকনির্দেশনাও। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ফেরদৌস। তার কথায়, ‘প্রধানমন্ত্রী আমাকে শুধু একটা কথাই বলেছেন, ভোটার বাড়াতে হবে। তোমাকে যেহেতু মানুষ চেনে, তুমি সবার কাছাকাছি যাবে। বিশেষ করে কয়েকটি জায়গার নাম বলে দিয়েছেন আমাকে। যেমন হাজারিবাগ, মধুবাজার, কলাবাগান, নিউমার্কেট। প্রতিটি জায়গাই তিনি চেনেন।’

ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু ধানমন্ডি-৩২ এ বড় হয়েছেন, এই এলাকার কোথায় যেতে হবে, কোথায় গেলে ভোটাররা আসবে। এসব জায়গায় আমি যাচ্ছি। আমি যেতে না পারলে আমার কো-আর্টিস্টদের পাঠাচ্ছি। তারা আমার হয়ে নির্বাচনের প্রচারণা করছেন। এভাবেই আপার (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পথ চলছি।’

তিনি আরও বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের সমস্যা সমধানে কাজ করব। নির্বাচনী প্রচারণায় এখন যেমন আমি মানুষের কাছে যাচ্ছি, নির্বাচিত হলেও একইভাবে মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত