কারিনা-হৃত্বিকদের হাত ধরে আসছে আইএসপিএল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম

ব্রিটিশ উপনিবেশবাদের ফল হিসেবে ক্রিকেট পেয়েছে ভারতবর্ষ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ- ক্রিকেটের সেরা দশ দেশের চারটি। কাঠামোবদ্ধ ক্রিকেটের পাশাপাশি আপামর মানুষও বুঁদ এই খেলায়। ভিন্ন ভিন্ন নামে যা পরিচিত। কখনো গলি ক্রিকেট, কখনো টেপবল, কোথাওবা টেপটেনিস। চলে নামিদামি প্রতিযোগিতাও। সেই খেলাটিই এবার ফ্র্যাঞ্চাইজির মোড়কে নতুনভাবে উপস্থাপিত হতে যাচ্ছে ভারতে। নাম ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)।

ছয় দলের অংশগ্রহণে মুম্বাইতে ২-৯ মার্র্চ বসবে আইএসপিএলের নতুন আসর। তবে গলিতে নয়, ১৯টি ম্যাচের সবগুলো হবে স্টেডিয়ামে। টি-টেন ফরম্যাটে হবে এই আয়োজন। দল ছয়টি হলো মুম্বাই, শ্রীনগর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ ও কলকাতা। ফ্র্যাঞ্চাইজি মালিকদের এক জায়গায় করা হলে বসে যাবে তারার হাট।

দল

মালিক

মুম্বাই

অমিতাভ বচ্চন

শ্রীনগর

অক্ষয় কুমার

বেঙ্গালুরু

হৃত্বিক রোশন

চেন্নাই

সুরিয়া

হায়দ্রাবাদ

রামচরণ

কলকাতা

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান

 

সবশেষ ফ্রাঞ্চাইজি কলকাতার মালিক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করার ঘোষণা দেন বলিউডের নামী অভিনেত্রী কারিনা কাপুর খান। তার শ্বশুর নবাব মনসুর আলী খান পাতৌদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।

আইএসপিএলের মাধ্যমে ভারতের গলি ক্রিকেটের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের ঝলক দেখানোর সুযোগ পাবেন। দেশটির বিভিন্ন এলাকায় প্রতিভা বাছাইয়ে অংশ নিয়ে এ প্রতিযোগিতার অংশ হতে পারবেন স্থানীয় ক্রিকেটাররা। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমোল কোলে, বিসিসিআই ট্রেজারার আশিষ শিলার রয়েছেন প্রতিযোগিতার কোর কমিটিতে। প্রধান মেন্টর হিসেবে আছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত