বরিশাল দক্ষিণ জেলা বিএনপিসহ ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের ৪৮ জন এবং অজ্ঞাত আরও ১৯২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ বুধবার কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন এসআই আব্দুল মান্নান।
জানা গেছে, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট নিয়ে বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নেতাকর্মীরা জড়ো হন। পুলিশ খরব পেয়ে লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাস্থল থেকে বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৭ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ৭ জনসহ ৪৮ জন ও অজ্ঞাত আরো ১৯২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে বিনা অনুমতিতে সভা-সমাবেশ নিষিদ্ধের আদেশ অমান্য করে সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতিসাধনের অভিযোগ ছিল। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ আনা হয়েছে।
কোতয়ালী মডেল থানার জিআরও এনামুল হক জানান, মামলার ৭ আসামিকে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী কারাগারে পাঠিয়েছেন।