ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে পাঁচ সদস্যের দলটি রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে যায়। সেখানে আধা ঘণ্টা ধরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে বৈঠক করেন দলটির সদস্যরা। পরে তারা ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের সঙ্গেও বৈঠক করেছেন ও তার দপ্তরে দুপুরের খাবার খান।

ডিএমপি সূত্র জানায়, মার্কিন প্রতিনিধিদলে ছিলেন নাতাশা রথ চাইল্ড, ইভো পেননচিভ, মারিয়াম তাবাটেজ, ক্রিসপেন কাহেরু, নেনাদ মেরিনকোভিক। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি কাজী শহীদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মীর নুরানী রুপোমা।

বৈঠক সূত্র জানায়, মার্কিন পর্যবেক্ষক দলের সদস্যরা ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছে নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে জানতে চান। নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা আছে কি না, তাও জানতে চান। তখন ডিএমপির পক্ষ থেকে বলা হয়, কোনো অসুবিধা নেই, পুলিশ ঠিক পথে এগোচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করে যাচ্ছে। নির্বাচন পর্যবেক্ষক দল আরও জানতে চায়, রাজনৈতিক কর্মসূচিতে কোনো অসুবিধা হচ্ছে কি না। তখন ডিএমপি প্রধান না সূচক জবাব দেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকটি সমন্বয় করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতিনিধিদলটি গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকায় আসে। তারা ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন-পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত