বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে হামলার ঘটনায় নিন্দা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম

ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দীন নাসিমের নির্বাচনী ক্যাম্প থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খানসহ সাতজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানান।

সাইফুল হক বলেন, সরকারদলীয় এমপি প্রার্থী বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী ক্যাম্প থেকে ৪০-৫০ জন আওয়ামী সন্ত্রাসী অতর্কিতভাবে মিছিলে হামলা করে। তারা পার্টির ব্যানার ছিনিয়ে  নিয়ে পুড়িয়ে ফেলে। এ সময় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পার্টির  রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, কবি জামাল শিকদার এবং ঢাকা মহানগরের নেতা মেহেদী হাসানসহ ৭ নেতাকর্মী গুরুতর আহত হন।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারি দলের নেতাকর্মীরা এতই বাসামাল ও বেপরোয়া যে, বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিলকেও তারা সহ্য করতে পারছে না।

তিনি বলেন, হামলা-মামলা এবং আতঙ্কের মধ্য দিয়ে বিরোধী দলকে বাইরে রেখে একতরফা সরকার ও সরকারি দল আরও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আবারো অবৈধ ক্ষমতা নবায়ন করতে চায়। বিপ্লব ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ প্রায় ৬৩টি বিরোধী রাজনৈতিক দল সরকারের এই অবৈধ পাতানো নির্বাচনের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম করে আসছে। সেই সংগ্রামের ধারাবাহিকতায় জনগণকে সাথে নিয়ে আগামী ৭ তারিখের নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করে এই সরকারকে বিদায় জানানো হবে। কোনও হামলা-আক্রমণের কাছে জনগণ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মাথানত করবে না।

তিনি অবিলম্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে হামলা আক্রমণ ও নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত