তরুণ ভোটাররা দুটি করে ভোট দিলে চিন্তা করা লাগত না: সাকিব

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, তরুণ প্রজন্মের ভোটাররা দুটি করে ভোট দেওয়ার সুযোগ পেলে আমার আর টেনশন করা লাগত না। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জানতে চান প্রচারণা কার্যক্রমে তরুণ প্রজন্মের ভোটাররা কেমন সাড়া দিয়েছে? সাকিব বলেন, আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মের ভোটাররা অনেক বেশি ভোট দিবে। ওদের দুটি করে ভোট দেওয়ার সুযোগ দিলে আমার আর টেনশন করা লাগত না।

দলমত নির্বিশেষে সর্ব সাধারণের ভোটে জয়যুক্ত হওয়ার আশা প্রকাশ করে সাকিব বলেন, মিডিয়ায় আমাকে দেখে মনে হতে পারে আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে। আসলে কোনো পরিবর্তন আসেনি। আমার বন্ধু-বান্ধব, পরিবারের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন আমি কেমন। আগে হয়তো ছোট পরিসরে মিশেছি। এখন একটু বড় পরিসরে।

কেমন ভোট আশা করেন জানতে চাইলে তিনি বলেন, আমি সব বয়সী নর-নারী, ছেলেমেয়েদের কাছে গিয়েছি এবং অনুরোধ করেছি। আমি খুব আশাবাদী। কিন্তু বাকিটা জানা যাবে নির্বাচনের পর। এখন তো ভবিষ্যতবাণী করতে পারব না। সবশেষে তাকে প্রশ্ন করা হয় আপনি কি প্রচারণায় সন্তুষ্ট? তিনি বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।

এদিকে শুক্রবার ভোর পর্যন্ত  শহরের বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাকিব। গত ১৮ ডিসেম্বর ক্রিকেট খেলার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত