নির্বাচন পিছিয়ে দিতে পাকিস্তান সিনেটে প্রস্তাব পাস

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম

পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ পিছিয়ে দিতে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। ৮ ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন পিছিয়ে দিতে সিনেটে একটি প্রস্তাব উত্থাপন করেন স্বতন্ত্র সিনেটর দিলাওয়ার খান। এতে সমর্থন জানান বেশিরভাগ আইনপ্রণেতা। 

নিরাপত্তা সংকট এবং প্রচণ্ড শীতে ভোটের বিষয় সামনে এনে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেন স্বতন্ত্র সিনেটর দিলাওয়ার। 

নির্বাচন আয়োজনে বর্তমানে উপযুক্ত পরিস্থিতি নেই জানিয়ে তিনি বলেন, ‘মহসিন দাওয়ার এবং জমিয়ত উলামা-ই-ইসলামের (জেইউআই-এফ) সদস্যরা হামলার শিকার হয়েছেন। এছাড়া বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েছেন। নির্বাচনের র‌্যালিতে হামলার ব্যাপারে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও সতর্কতা দেওয়া হয়েছে।’

পরিস্থিতি বিবেচনায় বাকী সিনেটররা একমত হলেও এই প্রস্তাবের তীব্র বিরোধীতা করেন তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী মুরতাজা সোলাঙ্গি এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর আফনান উল্লাহ।

পিএমএল-এন এর ওই সিনেটর প্রস্তাবের বিরোধীতা করে বলেন, ’২৪ কোটি জনসংখ্যার পাকিস্তান রাষ্ট্র সাংবিধানিকভাবে স্বীকৃত ব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলবে! এটাই আপনি চান, যে পাকিস্তান সংসদ ছাড়াই চলুক? দেশে নির্বাচিত সংসদ থাকুক তা চান না?’  

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সিনেটের এই প্রস্তাব মানতে আইনগতভাবে বাধ্য নয় পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত