জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আওয়ামী লীগ সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী একটি দল। নির্বাচনের মাঠে বিএনপিকে না পেয়ে এখন আওয়ামী লীগ নিজেরা-নিজেরা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে।’
আজ শুক্রবার দুপুরে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করা হয়েছে নাটকের একটি অংশ হিসেবে। নির্বাচনে শুধু ভোটার উপস্থিতি বাড়াতে এ নাটক মঞ্চস্থ করা হয়েছে। যাতে করে জনগণের ভোট চুরি করে ভোটের হার বাড়ানো যায়। তাদের এই কূটকৌশল আজ শুধু দেশবাসীর কাছে নয়, বিদেশিদের কাছেও পরিষ্কার হয়ে গেছে।’
তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন অবৈধ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলসহ বিরোধী মতাদর্শের জনগণের ওপর একযুগের বেশি সময় যাবৎ জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। এবার একতরফা ডামি নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে আল-রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ করেন জোট নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, মহাসচিব এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্ম মহাসচিব নুর নবী, এনডিপি মহাসচিব আব্দুলাহ আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, ফখরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ ফরিদসহ সমমনা জোটের নেতারা।
