সরকারের প্রতিহিংসার শিকার ড. ইউনূস— ঢাবি সাদা দল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিনাশ্রম কারাদণ্ডের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং এই রায় বাতিলের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থিত শিক্ষকরা। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। কেবল নোবেল পুরস্কার বিজয় নয়, দারিদ্র বিমোচনসহ অর্থনীতির নানা ক্ষেত্রে তার মৌলিক ও সৃজনশীল তত্ত্ব ও কর্মকৌশল বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। তার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে বিশেষ সম্মান লাভ করেছে। কিন্তু পরিতাপের বিষয়, তিনি বারবার বর্তমান ক্ষমতাসীন সরকার ও সরকারি দলের প্রতিহিংসার শিকার হয়েছেন।

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এই রায় দেওয়া হয়েছে উল্লেখ করে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, অগণতান্ত্রিক ও চরম কর্তৃত্ববাদী বর্তমান সরকার দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে নষ্ট করেছে। বিচার বিভাগও এর ব্যতিক্রম নয়। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেয়া রায়টিও এর নজির বলে আমরা মনে করি। তাঁকে সাজা দেয়ার পেছনে রাজনৈতিক দূরভিসন্ধিও রয়েছে বলে আমাদের ধারণা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত