৩৪৯ দিন পর টেনিস কোর্টে ফেরাটা ছিল রাফায়েল নাদালের কাছে স্বপ্নের মতো। দুঃসহ এক বছর কাটিয়ে কোর্টে ফিরে বুকভরা আনন্দ অনুভব করার কথা বলেছিলেন এ টেনিস কিংবদন্তি। ব্রিসবেন ইন্টারন্যাশনালে নাদালের সেই যাত্রা থামলো অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনের কাছে কোয়ার্টার ফাইনালে ২-১ সেটে হেরে।
গত অস্ট্রেলিয়ান ওপেনে পড়েছিলেন নিতম্বের চোটে। জুনে করাতে হয় অস্ত্রোপচার। সেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে ফেরেন কোর্টে। ডাবলসে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। তবে সিঙ্গেলসে প্রথম রাউন্ডে পুরনো প্রতিপক্ষ ডমিনিক টিমকে হারিয়ে শুরু করেন। দ্বিতীয় রাউন্ডে তার সামনে টিকতেই পারেননি অস্ট্রেলিয়ার জেসন কুবলার।
আজ আসরের কোয়ার্টার ফাইনালে প্রথম সেট জেতেন ৭-৫ গেমে। দ্বিতীয় সেটে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একটি ম্যাচ পয়েন্টের সুবিধা নিতে পারেননি তিনি। ট্রাইব্রেকে মিস করেন আরও দুটো ম্যাচ পয়েন্ট। ৬-৭ গেমে পিছিয়ে থাকা সেটটি টাইব্রেকে গেলে ৬-৮ ব্যবধানে হেরে যান নাদাল।
শেষ সেটে শারীরিকভাবে দুর্বল মনে হয়েছে নাদালকে। থম্পসন ৪-১ গেমে এগিয়ে যাওয়ার পর একবার মেডিকেল বিরতি নিতে হয় নাদালকে। বাম পায়ের ওপরের দিকে অস্বস্তিতে ভোগেন ৩৭ বছরের নাদাল। ২০ মিনিট বিরতির পর এসে একটি গেম জিতলেও ম্যাচ নিজের করে নেন থম্পসন।
২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী রাফায়েল নাদালের পরবর্তী অভিযাত্রা অস্ট্রেলিয়ান ওপেন। আগামী ১৪ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
