যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

নির্বাচনকে ঘিরে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিজিবির অস্থায়ী নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় তিনি বিজিবির প্রতিটি সদস্যকে দেশের বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।

নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ৪৮৭টি বেজ ক্যাম্পে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সন্দ্বীপে প্রথমবারের মতো দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিদিন যেকোনো সময় বিজিবির গড়ে ৭০০টি টহল মাঠে নিয়োজিত থেকে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম ও ডগ স্কোয়াড কাজ করছে। এ ছাড়া আমাদের কুইক রেসপন্স প্রস্তুত আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এ টিমের সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছতে প্রস্তুত রাখা হয়েছে।

মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত