ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থামছে না গরু চুরির ঘটনা। এক রাতে পাশাপাশি দুটি গোয়াল থেকে চুরি হয়েছে আটটি গরু। গত মঙ্গলবার রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি চরপাড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে চুরি হয়েছে ১৫টি গরু।
গত ২৮ ডিসেম্বর বড়ডাঙ্গি গ্রামের একটি বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর দড়িপাঁচাশি গ্রামের একটি বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে এবং ৩টি গরু উদ্ধার করেছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাতে তারাটি চরপাড়া থেকে আটটি গরু চুরির ঘটনায় উপজেলার কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি চরপাড়া এলাকার মমিন আলীর পাঁচ ছেলে মো. নয়ন, মো. খোকন, রোকন, সুজন এবং খাইরুল ইসলাম। তাদের মধ্যে মো. খোকন মারা যাওয়ার পর তার স্ত্রী দেলোয়ারা একটি গোয়ালে চারটি গরু পেলে সংসার চালাচ্ছিলেন। মঙ্গলবার রাতে তার চারটি এবং পাশের খাইরুলের গোয়াল থেকে ২টি, সুজনের গোয়াল থেকে ২টি গরু চুরি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চুরি হওয়া আটটি গরুর মূল্য আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত সুজন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গরুকে খাবার দিয়ে ঘুমাতে যান তিনি। পরে সকালে ফের গরুকে খাবার দিতে গিয়ে দেখেন গোয়ালে গরু নেই। এরপর তার চিৎকারে বাড়ির লোকজন এসে দেখেন পাশের গোয়ালের গরুও নেই।
রোকন বলেন, ‘গতকাল বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরুগুলো দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজ করেও পাইনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা গরিব। গরুগুলোই ছিল আমাদের একমাত্র সম্বল। সবগুলো গরু চুরি করে নিয়ে গেল! এখন আমাদের কী হবে?’
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
