এমন বিদায়ই নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ ম্যাচটায় জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তবে কিঞ্চিৎ আক্ষেপ হয়তো থেকেই যাবে তার।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদ খানের বলে আউট হন ওয়ার্নার। ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে যখন মাঠ ছাড়ছিলেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা তখন উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দেন। এরপর স্টিভেন স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়ার ৮ উইকেটের জয় নিশ্চিত করেন মারনাস লাবুশেন।
৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। আজ বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। ১১৫ রানেই অলআউট হয় শান মাসুদের দল। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া।
এই রান তাড়া করতে নেমে প্রথম ওভারে উসমান খাজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর জয়ের লক্ষ্যে ১১৯ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার–লাবুশেন জুটি। কিন্তু ২৫তম ওভারে গিয়ে ওয়ার্নার আউট হলে ভাঙে তাদের জুটি। ৬২ রানে অপরাজিত ছিলেন লাবুশেন।
আমির জামালকে নিয়ে তৃতীয় দিন পার করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আজ সকালের সেশনে দুজন যতটা সম্ভব লড়াইয়ের চেষ্টা করেন। দুজনে গড়েন ৪০ রানের জুটি। তবে রিজওয়ান ২৮ রান করে আউট হলে ভাঙে সেটা। ১৮ রানে থামেন আগের ইনিংসে ৮২ রান করা আমির জামাল।
তাদের বিদায়ের পর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ১৬ রানে ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। ৩৬ রানে ৩ উইকেট লায়নের।
ম্যাচসেরা হয়েছেন আমির জামাল।
